১৭ দিনেই রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার

দেশের অর্থনীতিতে চাঙ্গাভাব ধরে রেখে রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮১ লাখ ডলার।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু করে মে মাসের ১৭ তারিখ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৫১ কোটি (৩১.৫১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় আসে। অন্যদিকে, গত ডিসেম্বর ও নভেম্বরে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ এবং ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে। আর অর্থবছরের শুরুতে গত আগস্ট ও জুলাইয়ে দেশে এসেছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশের প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ছিল। তবে চলতি অর্থবছরের বর্তমান ধারা বজায় থাকলে সেই রেকর্ডও ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবে দেশের রেমিট্যান্স।

















