আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলোর বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করার কথা জানানো হয়েছে।
নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার স্থায়ী আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদের অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথাও বলা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
প্রস্তাবিত তদন্তের আওতায় অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে নোটিশে।
আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। এ জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানানোর কথা বলা হয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠিত করা কিংবা সহায়তার অভিযোগ তদন্তের দাবি করা হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে কোনোভাবেই শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা যাবে না।

















