শিশু রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামি সোহেল রানা স্বেচ্ছায় ও সত্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আট বছরের একটি নিষ্পাপ শিশুকে যে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক কায়দায় হত্যা করা হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই উপযুক্ত। অন্যদিকে, অপরাধে সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ এজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
চলতি বছরের ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই বাথরুমের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল রানা। তবে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।
চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায়, ২০২৬ সালের ৭ জুন ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দ্রুত বিচার শেষে রায় ঘোষণা করেন। ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারিক আদালত।
নিম্ন আদালতের ওই রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। দীর্ঘ শুনানি শেষে আজ চূড়ান্ত রায় দিলেন উচ্চ আদালত।


















