মে মাসের প্রথম ১১ দিনেই দেশে এলো ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

দেশের প্রবাসী আয়ে জোরালো প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা বৈধ পথে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে (জুলাই ২০২৫) ১১ মে ২০২৬ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ২০ দশমিক ৯০ শতাংশ বেশি। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় রেট প্রবাসীদের উৎসাহিত করছে।
এর আগে গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। মে মাসের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি নতুন কোনো রেকর্ড স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















