রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‘মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে।

প্রক্টর আরও জানান, ককটেল বিস্ফোরণের পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে জানায় আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে।
এর জবাবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমি ক্যাম্পাস খোলা রাখবো, ক্যাম্পাস বন্ধ হবে না। তোমাদের যদি এতো সাহস থাকে ক্যাম্পাসে এসে বন্ধ করে দেখাও।’
প্রক্টর অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দল ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে।
শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা তোমাদের পাশে আছি। ক্যাম্পাস অস্থিতিশীল করার কোনো সুযোগ আমরা দেব না।
কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, ‘আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি ককটেল পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।’
সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি বলে জানান মোসতাক আহমেদ।

















