ব্যাংক পরিচালনায় বড় পরিবর্তন, এমপি-মন্ত্রীরা থাকছেন না ব্যাংকের পর্ষদে

ব্যাংক খাতের পরিচালনা ব্যবস্থায় পরিবর্তন আনতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। একই সঙ্গে রাজনৈতিক পদে থাকা ব্যক্তিদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়া যাবে না।
‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের লক্ষ্যে তৈরি খসড়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই সংশোধনী খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাব কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একই ব্যাংকের পরিচালক হতে পারেন। নতুন বিধান কার্যকর হলে এ সংখ্যা কমে দাঁড়াবে দুজনে। পাশাপাশি একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।
ব্যাংকগুলোতে কয়েকটি শিল্পগোষ্ঠীর পারিবারিক নিয়ন্ত্রণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পর্ষদে পরিচালকদের দীর্ঘদিন অবস্থানের সুযোগও সীমিত করতে চায় সরকার। এ লক্ষ্যে একটানা পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ সময় ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ছয় বছর পূর্ণ হলে পরবর্তী তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ আগে ছয় বছর থাকলেও ২০১৮ সালে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়েছিল।
ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন মতামত নিশ্চিত করতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২০ সদস্য পর্যন্ত পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। সংশোধনীতে এ সংখ্যা তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক দুজনের পরিবর্তে তিনজন রাখার প্রস্তাব রয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও কঠোরতা আনার পরিকল্পনা রয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থেকে নিয়োগের পাশাপাশি ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে এ পদে না রাখার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকে কৌশলগত বিনিয়োগ আকৃষ্ট করতে শেয়ার কেনার বিদ্যমান সীমায় পরিবর্তনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশের সীমা অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া পরিচালকের পদ ছেড়ে দেওয়ার পরও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের পুরো বকেয়া পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে ঋণ পুনঃতপশিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হবে না।
পর্ষদের জবাবদিহি নিশ্চিত করতে সভায় উপস্থিতির ক্ষেত্রেও বিধিনিষেধ আনার প্রস্তাব করা হয়েছে। কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।

















