মানুষের ভালোবাসাই আসল ট্রফি: স্কালোনি

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে অফিশিয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শিরোপা নির্ধারণী ম্যাচের রোমাঞ্চের চেয়েও তাকে বেশি ছুঁয়ে যাচ্ছে দেশের মানুষের আকাশছোঁয়া উন্মাদনা আর ভালোবাসা। স্কালোনি জানান, সমর্থকদের এই অফুরন্ত আনন্দই দলকে আরেকটি ট্রফি জয়ের মূল অনুপ্রেরণা জোগাচ্ছে।
স্কালোনির চোখে মাঠের অর্জনের চেয়েও বড় প্রাপ্তি হলো দেশের মানুষের একতা। তিনি বলেন, আর্জেন্টিনা দল দেশের মানুষের জন্য খেলে, নিজেদের পরিবারের জন্য খেলে। যখন দেখি টিভির সামনে সবাই একই জার্সি পরে দাঁড়িয়ে আছে, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকরাও একে অপরকে জড়িয়ে ধরছে তখন মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।
অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কথা বলার সময় স্কালোনির কণ্ঠে ঝরল মুগ্ধতা ও কিছুটা আকুলতা। ৩৯ বছর বয়সে এসেও যেভাবে মেসি দলকে ফাইনালে তুললেন, তাকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন তিনি। কোচ মনে করিয়ে দেন, দিয়েগো ম্যারাডোনার মতোই একদিন মেসিকেও সবাই মিস করবে। তাই কোনো হিসাব-নিকাশ না করে এখনই তাকে পুরোপুরি উপভোগ করার সময়। তিনি যোগ করেন, এই দল এমন কিছু অর্জন করেছে যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি।
বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই দলের সাফল্যের খতিয়ান যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন আর আবেগ ধরে রাখতে পারেন না স্কালোনি। অকপটে স্বীকার করলেন, মাঝে মাঝে আমি একা একাই কেঁদে ফেলি। আর যারা এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে।
তবে মাঠের লড়াইয়ে তার একমাত্র লক্ষ্য যে জয়, তা স্পষ্ট করে দিয়েছেন। ফাইনালের ঠিক আগ মুহূর্তে শিষ্যদের প্রতি তার সহজ কিন্তু গভীর বার্তা ফলাফল যাই হোক, এই ঐতিহাসিক মুহূর্তটি যেন তারা আনন্দের সঙ্গে উপভোগ করে। কারণ দিনশেষে এই স্মৃতিটুকুই সারাজীবন মনে থাকবে।
ফাইনালের প্রতিপক্ষ স্পেনকে সমীহ করতে ভুলেননি এই মাস্টারমাইন্ড। নিয়মিত স্প্যানিশ লিগ অনুসরণ করা স্কালোনি জানান, স্পেন দল হিসেবে অত্যন্ত শক্তিশালী। কেবল বিস্ময়বালক লামিনে ইয়ামালই নন, পুরো স্প্যানিশ দলটাই দুর্দান্ত ফুটবল খেলছে, তাই ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে।

















