ক্ষমতার আগে জনতা নীতিতেই দেশ চালাচ্ছে সরকার: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতা নয়, বরং জনগণের প্রতি দায়িত্ব পালনের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা দলটির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নীতিকে ধারণ করেই বিএনপি সবসময় যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে জনগণের পাশে থাকবে।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বন্যাদুর্গতদের সহায়তায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কেবলমাত্র ঘরবাড়ি হারানো মানুষই নয়, বন্যায় যেসব কৃষকের বীজতলা, চারা বা ফসলের ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সব ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হবে।
দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের দরিদ্র ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবার একটি জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট প্রণয়ন করেছেন, যা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।
যেকোনো পরিস্থিতিতে দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকা বিএনপির মূল আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার বলে পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

















