তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। এছাড়াও হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খোলা রাখার পক্ষেও মত দিয়েছেন তিনি।
বেইজিংয়ে শির সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছেন।
ট্রাম্প বলেন, শি জিন পিং যুদ্ধ বন্ধে সহায়তা করতে চান। তিনি বলেছেন, “আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করতে চাই।”
ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধের প্রভাবে এ প্রণালি কার্যত বন্ধ হয়ে থাকায় বিশ্ব তেল–বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ জলপথ খোলা রাখার পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ-উৎকণ্ঠা চলছে।
ট্রাম্প বলেন, চীন হরমুজ প্রণালি খোলা রাখতে চায়। কারণ, দেশটি ওই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। তিনি বলেন, ‘তারা ওই পথ দিয়ে অনেক তেল কেনে এবং তারা তা চালিয়ে যেতে চায়। তাই তারা হরমুজ প্রণালি খোলা দেখতে চায়।’
ট্রাম্প আরও বলেন, শি জিন পিং তাকে আশ্বস্ত করেছেন, চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না। তবে এ আশ্বাসে ইরানকে চীনের সম্ভাব্য গোয়েন্দা সহায়তা, ইলেকট্রনিক পণ্য রপ্তানি বা চীনা ক্রেতাদের মাধ্যমে ইরানের তেল বিক্রি থেকে পাওয়া বিপুল আয়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।
ইরান যুদ্ধে চীনের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এ তেল বিক্রির আয়ই ইরানের অর্থনীতির বড় শক্তি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আশা, চীন তার ওই প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্য শর্তে একটি পারমাণবিক চুক্তিতে রাজি করাতে পারে।
ট্রাম্প বলেন, শি তাকে জানিয়েছেন যে চীন ইরান থেকে তেল কেনা চালিয়ে যাবে। তবে বেইজিং চায় না ইরান হরমুজ প্রণালি সামরিকভাবে নিয়ন্ত্রণ করুক বা সেখানে কার্যত টোল আরোপ করুক।
চীনের সরকারি বিবৃতিতে অবশ্য ইরান প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত দুই নেতার প্রথম দিনের বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায়, সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন শি জিন পিং। একই সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহ দেখিয়েছে চীন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ একমত হয়েছে, জ্বালানি সরবরাহের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হরমুজ প্রণালি অবশ্যই খোলা রাখতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, চীনা প্রেসিডেন্ট হরমুজ প্রণালিকে সামরিকীকরণ বা সেখানে চলাচলের জন্য টোল আরোপের বিরোধিতা করেছেন।
বৈঠকে শি জিন পিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, দুই দেশের সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক একটি ইস্যু তাইওয়ান। এ ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাক সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিন পিং বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যু অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এতে ভুল হলে দুই দেশ সংঘর্ষের দিকে চলে যেতে পারে এবং পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে পারে।’

















