স্লোভাকিয়ায় ফার্স্ট ক্লাসে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন।
সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী মোদির পাওয়া ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। বর্তমানে মোদি তাঁর সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে স্লোভাকিয়া সফরে রয়েছেন, যা কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ব্রাতিস্লাভা সফর।
পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই সম্মানের জন্য স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এই স্বীকৃতি ভারতের ১৪০ কোটি মানুষের। আমি এটি ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মোদি এই সম্মাননাকে ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিকতা, আস্থা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের বিশেষ বন্ধুত্ব আরও দৃঢ় করতে অনুপ্রাণিত করবে।
‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ হলো স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক ও সামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা শুধুমাত্র বিদেশি নাগরিকদের প্রদান করা হয়। উল্লেখ্য, এই সফরের অংশ হিসেবে ইতোমধ্যে ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত অংশীদারত্ব’ পর্যায়ে উন্নীত করেছে। এর পাশাপাশি অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।







