ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, সর্বোচ্চ সতর্কতা জারি

ডিসেম্বরকে সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র-বিস্ফোরক ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি মহাপরিচালক বলেন, দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত পাহারা দেওয়াই বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করতেই তিনি সকাল থেকে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষা এবং মানুষের প্রত্যাশা পূরণে বিজিবি পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা অটুট রাখতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও সহযোগিতা চান তিনি।
এর আগে সকালে হেলিকপ্টারে ফেনী সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। পরে কুমিল্লা হয়ে আখাউড়া সীমান্তে যান তিনি। এ সময় বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টরের কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কেরা তার সঙ্গে ছিলেন।

















