গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত পাঁচ, আহত ২০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন বাসযাত্রী।
আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বেদগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটি মোটরসাইকেলটিকে পিষে দিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও তার সঙ্গে থাকা দুই আরোহীসহ বাসের দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তারা বাসের ভেতর ও নিচ থেকে আহতদের উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ওই শিশুটির বয়স আনুমানিক ৮ বছর বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত বাকি ২০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।









