গরু পালনের জন্য সুদমুক্ত ঋণ পাবে দিনাজপুরের প্রান্তিক জনগোষ্ঠী: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের মানুষদের গরু পালনের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মানুষকে গরু পালনে উৎসাহিত করা গেলে পারিবারিক আয় বাড়ার পাশাপাশি দেশে দুধ উৎপাদনও বৃদ্ধি পাবে।
শনিবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের মুন্সিপাড়া-সিপি রোড এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ২টা ৩০ মিনিটে মন্ত্রী নবনির্মিত কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গবাদিপশু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের গরু পালনে সহায়তা করা গেলে পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে দুধ উৎপাদন বাড়বে এবং দুগ্ধ খাত আরও সমৃদ্ধ হবে।
দৈনিক চার হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণের সক্ষমতা আছে মিল্ক ভিটার এ কেন্দ্রটির। এটি ঘোড়াঘাট ও আশপাশের এলাকার দুগ্ধ খামারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এতদিন এ অঞ্চলে দুধ সংগ্রহ ও সংরক্ষণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় খামারিদের উৎপাদিত দুধ বাজারজাত করতে নানা সমস্যায় পড়তে হতো। নতুন কেন্দ্রটি চালু হওয়ায় দুধ সংগ্রহ, শীতলীকরণ ও সংরক্ষণের সুবিধা পাবেন তারা। পাশাপাশি ন্যায্যমূল্য দুধ বিক্রি করতে পারবেন তারা।
পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন মণ্ডল কৌশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) মো. এনায়েত করিম চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক (সমিতি) আমির কুমার মল্ল।
এছাড়া উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


















