নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে জনসম্মিলন, সমাবেশ ও প্রতিরোধ যাত্রা

নোয়াখালীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে, ন্যায়বিচার নিশ্চিতে, ভুক্তভোগীর সুরক্ষ্মা ও দায়মুক্তির অবসানে তৃণমূল জনমম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরে এনআরডিএস সম্মিলন কেন্দ্রে এনআরডিএস-এর ‘জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিট’-এর আয়োজনে এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দেড়শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত ও নারী জাগরণমূলক গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে তৃণমূল নারী প্রতিনিধিরা তাদের দৈনন্দিন জীবনের অধিকার বঞ্চনা ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা নারীর মানবিক মর্যাদা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সমাজের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন।
বক্তাগণ বলেন, নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ মানুষ, নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক সত্তা হিসেবে মূল্যায়ন করতে হবে। নারীর প্রকৃত স্বাধীনতা ও ক্ষমতায়নের জন্য শিক্ষা, সম্পত্তির অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা জরুরি। শুধু সচেতনতা সহিংসতা রুখতে যথেষ্ট নয়; অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে নির্যাতনের খবর সংবেদনশীলতার সাথে প্রকাশ এবং স্থানীয় পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনায় অংশ নেন প্রাণ-এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, এসো গড়ির উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি, এসএইচবিও পরিচালক ফাহিদা সুলতানা, চিকিৎসক ডা. হৃদি এবং নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু।
তৃণমূল নারী নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তিন্নি, রেশমি, কৃষ্ণা, জান্নাতুল মাওয়া ও আলেয়া বেগম প্রমুখ।
এর আগে, মাইজদী টাউন হল চত্বরে ৩৫টি সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত হয় সমাবেশ ও প্রতিরোধ যাত্রা। সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল মোড় থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এই সমাবেশে নোয়াখালী জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
সমাবেশে বক্তাগণ বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনলাইন হয়রানির অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।


















