দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্টের অপচেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরও বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা দেওয়া হবে না।
শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে রাস পূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি বলেন, একটি মহল দেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করতে পারে। মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর ষড়যন্ত্রও হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাই পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, হাকিমপুর থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















