খামেনির জানাজায় যোগ দিতে মোদিকে ইরানের আমন্ত্রণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আগামী জুলাই মাসে তেহরান ও মাশহাদে বহু-শহরভিত্তিক এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি পৌঁছে দিয়েছে। এর দুই দিন আগে দূতাবাসটি তেহরান থেকে এই সংক্রান্ত বার্তা গ্রহণ করে। বিশ্বমঞ্চে ইরানের এই ঐতিহাসিক শোকানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। এর পরপরই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত রূপ নেওয়ায় তার দাফন ও শেষ বিদায়ের মূল অনুষ্ঠান মার্চ থেকে পিছিয়ে জুলাই মাসে নির্ধারণ করতে বাধ্য হয় ইরান সরকার।
ঘোষিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির এই বহু-শহরভিত্তিক শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। এরপর আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন করার মাধ্যমে এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে চীন, রাশিয়া, কাতার, ফ্রান্স, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন যে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরানে অংশ নেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে অংশ নেওয়া প্রসঙ্গে নয়াদিল্লির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তেহরান।







