ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ, ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে এর পরিণতি হতে পারে ভয়াবহ ‘পারমাণবিক মহাপ্রলয়।’
স্থানীয় সময় বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে উপলক্ষে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’
পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই অঞ্চলে শান্তি না ফিরলে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে।
ট্রাম্প বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে, আর এর ফলে একটি ‘পারমাণবিক মহাপ্রলয়’ ঘটে যাবে।
নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের তেলের আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। ইরানের শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি তাঁদের ‘উন্মাদ’ বলে অভিহিত করেন এবং জানান, ওয়াশিংটন কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
এছাড়া মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো নিজেরা আত্মরক্ষায় পুরোপুরি সক্ষম হয়ে না ওঠা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করলেও ইরানের কাছে এখন পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র থাকার আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি এবং দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।

















