পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে দরকার তিন উইকেট

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩১৬ রান। জয় পেতে তাদের দরকার আরও ১২১ রান। রিজওয়ান অপরাজিত আছেন ৭৫ রানে। তার সঙ্গী সাজিদ খান করেছেন ৮ রান।
এদিন সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন তাইজুল ইসলাম। ৩১ ওভারে তিনটি মেডেনসহ ১১৩ রানে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। তরুণ পেসার নাহিদ রানা ১৪ ওভারে দুটি মেডেনসহ ৫৮ রানে নিয়েছেন ২ উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম দুই সেশনে ৫ উইকেট তুলে নেওয়ার পর তৃতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছিলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে শেষবেলায় নতুন বল হাতে নিয়ে সালমানকে ফিরিয়ে পাকিস্তানের শতরানের জুটি ভাঙার পর হাসান আলীকেও সাজঘরে ফেরান তাইজুল। ফলে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা, আগামীকাল ম্যাচের শেষ দিনে তাদের দরকার আর মাত্র ৩ উইকেট।

















