হাম-উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৩৭

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৩৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু রয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি ২ জন করে শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৫৪ জনই ঢাকা বিভাগের। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এর মধ্যে বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন।
সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৫৬ হাজার ৫৮৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৯৮৩ শিশু। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪০ হাজার ৯০ শিশু। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সর্বমোট ৭ হাজার ৯২৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

















