সারাদেশের ৪ কোটি ১০ লাখ পরিবারে যাচ্ছে ফ্যামিলি কার্ড: তথ্যমন্ত্রী

সারাদেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যদের হাতে অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যকে এই কার্ডের মালিক করা হবে। প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দেশের একটি বড় অংশ তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় রোধে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বরিশালের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ভোলার গ্যাস বরিশালে নিয়ে আসা এবং বনগাঁ থেকে পায়রা পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যাবে।
বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুরুল আলম, পুলিশ সুপার মো. ফারজানা ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

















