জনজীবন জিম্মি করে কোনো আন্দোলন বরদাশত করা হবে না: র্যাব মহাপরিচালক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
র্যাব ডিজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তিনি বলেন: “দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।”
তিনি আরও জানান, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে র্যাব সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটে এমন যেকোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বিগত সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা স্মরণ করে একেএম শাহিদুর রহমান বলেন, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি কিছুটা ভঙ্গুর থাকলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে।
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে র্যাব ও অন্যান্য বাহিনী সফল হয়েছে বলে তিনি দাবি করেন।
দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।
একটি সুন্দর ও নিরাপদ দেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে র্যাব প্রধান সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রমান্বয়ে আরও সুসংহত হবে।

















