স্বর্ণ উৎপাদনে শীর্ষে চীন, দ্বিতীয় অবস্থানে রাশিয়া

বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে, যা বিশ্বের মোট খনি থেকে আহরিত স্বর্ণের প্রায় ১০ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে খনি থেকে মোট ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে চীনের অবদান ৩৮৪ দশমিক ৩ টন। অন্যদিকে একই সময়ে রাশিয়ায় উৎপাদিত হয়েছে প্রায় ৩৪২ টন স্বর্ণ।
তবে শীর্ষ উৎপাদক হওয়ার ধারাবাহিকতা থাকলেও চলতি বছর চীনের স্বর্ণ উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ৪ নভেম্বর প্রকাশিত তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশীয় কাঁচামাল ব্যবহার করে চীনে ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১৮ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া আমদানি করা কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে আরও ১২৭ দশমিক ০৫৫ টন। সব মিলিয়ে প্রথম নয় মাসে চীনে মোট স্বর্ণ উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
উৎপাদন কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণের কথা জানিয়েছে চায়না গোল্ড অ্যাসোসিয়েশন। সংস্থাটির মতে, খনিগুলোতে নিরাপত্তা তদারকি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পে পরিদর্শন ও সংস্কারকাজের কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। তবে দেশের বাইরে চীনা প্রতিষ্ঠানগুলোর পরিচালিত খনিতে উৎপাদন বেড়েছে।
চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশের খনিগুলো থেকে চীনা কোম্পানিগুলো ৭১ দশমিক ১২৬ টন স্বর্ণ উৎপাদন করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে ১৫ দশমিক ৭৭ শতাংশ।
শুধু উৎপাদনেই নয়, স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রেও বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন। ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। আগের বছরের তুলনায় যা ০ দশমিক ২৮ শতাংশ বেশি।
তবে স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে ক্রেতাদের পছন্দে। গয়নার পরিবর্তে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার কমে দাঁড়িয়েছে ১৭৮ দশমিক ৬১২ টনে, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম।
স্বর্ণের বার ও কয়েন কেনায় ব্যবহার হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া শিল্পসহ অন্যান্য খাতে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন স্বর্ণ।
বিশ্লেষকদের মতে, এসব পরিসংখ্যান চীনের স্বর্ণবাজারে ভোগের ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গয়নার চেয়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে দেশটির ক্রেতাদের। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের উচ্চমূল্য ও দামের ওঠানামা বিনিয়োগকারীদের জন্য নতুন ঝুঁকিও তৈরি করছে।

















