দেশের অর্থনীতিকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে দেশকে মুক্ত করা গেছে। এখন আমাদের কাজ হলো ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে সামনে এগিয়ে নেওয়া। জাতীয় রাজস্ব বোর্ডকে একটি জনবান্ধব, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।
রাজস্ব খাতের আমূল পরিবর্তন এবং দেশ গঠনে কর্মকর্তাদের ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিগত সরকারের দলীয় স্বার্থে অন্ধ পৃষ্ঠপোষকতার কারণে এনবিআরের ওপর মানুষের যে তীব্র অনাস্থা তৈরি হয়েছিল, তা দ্রুত দূর করার নির্দেশ দেন। করদাতাদের জন্য এটিকে নির্ভরযোগ্য ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কর আদায়ের পদ্ধতিকে সহজ, গতিশীল ও হয়রানিমুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কোনো নাগরিক যেন কর দিতে এসে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন।
বর্তমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে, কর দেওয়ার সক্ষমতা থাকা নতুন ব্যক্তিদের শনাক্ত করার ওপর জোর দেন তিনি। এর জন্য একটি ডিজিটাল ও আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
আন্তর্জাতিক কর ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মেলাতে কর্মকর্তাদের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্পষ্ট ও প্রায়োগিক জ্ঞান রাখার আহ্বান জানান সরকারপ্রধান।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। কোনো ধরনের ভয়ভীতি বা রাজনৈতিক চাপ ছাড়া সম্পূর্ণ নিরাপদ ও স্বস্তির সঙ্গে দেশের স্বার্থে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের অভয় দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং দেশের শীর্ষস্থানীয় করদাতারা উপস্থিত ছিলেন।

















