ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছেন জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
বৈঠক মন্ত্রী দেশের বর্তমান চাহিদা ও আপদকালীন পরিস্থিতি বিবেচনা করে ভারতকে বাংলাদেশে ডিজেল সরবরাহ বাড়াতে অনুরোধ করেন।
মন্ত্রী আরও জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। তবে সার্বিক গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ নিয়ে যেসব অভিযোগ উঠছে, তার বেশিরভাগই বাস্তবসম্মত নয় বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, তদন্তে দেখা গেছে, প্রচণ্ড গরমে গ্রাহকদের অতিরিক্ত এসি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের কারণেই বিল বেশি এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা ও নানা বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন।















