খুলনায় মেলায় জুয়ার আসর, ভিডিও করায় সাংবাদিককে বাধা

খুলনার রূপসা উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতার নামে স্থানীয় মেলায় বসেছে প্রকাশ্য জুয়ার আসর। কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী যুবকেরা এই জুয়ার আসরে মেতে উঠেছে। তবে মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা এই অনিয়ম ‘দেখেও না দেখার ভান’ করছেন বলে অভিযোগ উঠেছে। ‘খুলনা গেজেট’-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও চিত্রে সম্প্রতি এমন চিত্রই উঠে এসেছে।
ভিডিওতে দেখা যায়, মেলা উপলক্ষে স্থানীয় লোকজনের উপচে পড়া ভিড়। আর সেই মেলার এক কোণেই অবাধে চলছে জুয়ার আসর, যেখানে ভিড় জমিয়েছে স্থানীয় তরুণ ও যুবকেরা।
সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি উল্টো গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন। ভিডিওতে দেখা যায়, সাংবাদিক পুলিশকে প্রশ্ন করছেন, ‘পাশেই জুয়া খেলা হচ্ছে, আপনারা দেখছেন না?’ জবাবে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা আমাদের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।’
কিন্তু ভিডিওর বাস্তব চিত্রে দেখা যায় তখনও জুয়ার আসর পুরোদমে সচল। সাংবাদিক তখন আবার প্রশ্ন করেন, ‘আমরা দেখলাম এখনো জুয়া খেলা হচ্ছে। আপনি এসে দেখেন।’ এ সময় ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনি এটা (ক্যামেরা) বন্ধ করেন।’ সাংবাদিক ‘কেন বন্ধ করব’ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা ধমকের সুরে বলেন, ‘আমরা মিডিয়ার সামনে কথা বলি না। আপনি ক্যামেরা বন্ধ করেন।’
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন রহস্যজনক নীরবতা ও ভূমিকার কারণেই মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

















