সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আরও রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চপদে রদবদল করা হয়েছে। এরমধ্যে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল পদেও পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এটি এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীর উচ্চপদে দ্বিতীয় দফায় রদবদল।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। এনডিসিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। তিনি এর আগে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনা সদর দপ্তরের নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট করা হয়েছে। সেখানকার দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এদিকে, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার সাবেক প্রধান মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান নিয়মিত অবসরে গেছেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়।

















