যারা দল ছাড়তে চান, তারা যেতে পারেন: মমতা

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) বড় ধাক্কা খাওয়ার পর দলীয় প্রধান মমতা ব্যানার্জী দল পুনর্গঠনের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘যারা দল ছাড়তে চান, তারা যেতে পারেন।’ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় প্রার্থীদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও উপস্থিত ছিলেন।
নির্বাচনী ভরাডুবির পর দলত্যাগের জল্পনা ও অভ্যন্তরীণ অসন্তোষের মধ্যেই এই বৈঠক ডাকা হয়। প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে মমতা বলেন, ‘যারা অন্য দলে চলে যাচ্ছে, যেতে দাও। আমি আবার নতুন করে দল গড়ে তুলবো। তৃণমূল কংগ্রেস কখনও মাথা নত করবে না। মানুষের রায় ছিনতাই করা হয়েছে।’ তিনি নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়গুলো মেরামত করে আবার সচল করার নির্দেশ দেন।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর টিএমসি ক্ষমতাসীন থেকে বিরোধী দলে পরিণত হয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় মমতা ব্যানার্জীর দল মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে। খোদ মমতা ব্যানার্জীও তার দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি ভাবানীপুর আসনে পরাজিত হয়েছেন। টিএমসি ২৯১টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৮০টিতে জয়ী হয়, আর বাকি ২১১ জন প্রার্থীই হেরেছেন; যাদের মধ্যে অনেক প্রভাবশালী নেতা ও বিদায়ী মন্ত্রীও রয়েছেন।
এর আগে গত ৫ মে সংবাদ সম্মেলনেও মমতা একই সুর তুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি জানি অনেকেই অন্য দলে চলে যাবে। তাদের হয়তো নিজস্ব বাধ্যবাধকতা আছে। যে যেতে চায়, যেতে পারে। কাউকে জোর করে ধরে রাখায় আমি বিশ্বাস করি না।’
বৈঠক শেষে টিএমসির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রার্থীদের প্রশংসা করে বলা হয়, অকল্পনীয় নির্যাতন ও লাগাতার ভয়ভীতির মধ্যেও প্রার্থীরা অসাধারণ সাহস নিয়ে লড়াই করেছেন। তৃণমূল কংগ্রেস একটি পরিবার হিসেবে ঐক্যবদ্ধ রয়েছে।
দলটি আবারও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ও কারচুপির অভিযোগ এনে দাবি করেছে যে নির্বাচনের ফল চুরি করা হয়েছে। যারা মানুষের রায় লুট করেছে, তাদের সামনে তৃণমূল কখনও মাথা নত করবে না এবং শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। দলীয় সূত্র জানায়, কঠিন সময়ের মধ্যে প্রার্থীদের মনোবল বাড়ানো এবং দলের ফাটল ঠেকাতেই মমতা এই জরুরি বৈঠক করেছেন।









