তৌফিক ইমরোজ খালিদীর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। তিনি রাষ্ট্রপ্রধানের পক্ষে শোকবইয়ে সইও করেন।
এছাড়াও সাংবাদিক খালিদীকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান তার বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।
এর আগে দুপুর আড়াইটায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের মরদেহ রাখা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকাকালীন তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণের কথা জানান। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর কফিন ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
বাংলাদেশে কফিন আসার আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।











