দুই বছর আগের সেই দৃশ্য মঞ্চস্থ করলেন লিটন দাস

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে মাত্র ২৭৮ রানে। কিন্তু এই ২৭৮ রানের মধ্যেই লুকিয়ে আছে একটি ইতিহাসের পুনরাবৃত্তির গল্প। প্রথম ইনিংসে লিটন দাস করেছেন ১২৬, আর বাকি দশ জনের মোট রান ১৫২।
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা, তখনও লিটন দাস করেছিলেন ১৩৮। সেদিনের কথা কি মনে করেই আজ আবারও লিটন বুক চিতিয়ে দাঁড়ালেন?
দিন শেষে লিটনের সেই লড়াইয়ের জবাব দিতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২১ রান। স্বাগতিকদের চেয়ে এখনও ২৫৭ রান পিছিয়ে তারা। দ্বিতীয় দিনের সকালটা তাই বাংলাদেশের বোলারদের বেশ গুরুত্বপূর্ণ।
দিনের শুরুতে মেঘলা আকাশ, উইকেটে ঘাসের আস্তরণ, টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মোহাম্মদ আব্বাস আর খুররম শাহজাদ কন্ডিশন বুঝে বল করছিলেন যেন শিকারি বনে ঢুকেছেন। দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিলেন মাহমুদুল হাসান জয়। তানজিদ হাসান তামিম অভিষেকে ঝোড়ো শুরু করলেও আব্বাসের বলে ‘নাথিং শট’ খেলে থামলেন। মুমিনুল খুররমের অ্যাঙ্গেলে পড়ে বোল্ড।
তিন উইকেট পড়ার পরও শান্ত ও মুশফিক মিলে একটু ভরসার জায়গা বানাচ্ছিলেন। লাঞ্চে ৩ উইকেটে ১০১। কিন্তু ক্রিকেট কখনো কখনো পাষণ্ড। বিরতির পর যেন বাংলাদেশকে একটু সুখ দিয়েই সেটা কেড়ে নিল। মাত্র ১৩ ওভারে ১৫ রান তুলতে গিয়ে আরও তিন উইকেট। শান্ত ব্যাট পাতলেন বেরিয়ে যাওয়া বলে, তারপর ধরা খেলেন রিজওয়ানের গ্লাভসে।
মুশফিকুর রহিম একবার জীবন পেয়েছিলেন, সাজিদ খানের বলে কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, পাকিস্তানও রিভিউ নেয়নি। কিন্তু সেই সুযোগ কাজে লাগলো না। মাত্র ৫ রান পরেই খুররমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আর মেহেদী হাসান মিরাজ, লেগ স্টাম্পের বাইরের বাউন্সারে পুলের চেষ্টা করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন।
দুইশোর কথা তখন কল্পনাতেও আনা কঠিন। সে সময় নামলেন লিটন। প্রথমে পরিস্থিতি সামলালেন, এরপর বদলালেন। শুরুতে তাইজুলকে পাশে রেখে সিঙ্গেল খুঁজলেন, রান তুললেন, চাপ সামলালেন। তাইজুল গেলেন ১৬ করে। তাসকিন এলেন, গেলেন ৭ করে। শরিফুল এলেন, আর লিটন যেন ডানা মেলে দিলেন। দুরন্ত কাভার ড্রাইভ। স্পিনারকে স্টেপ আপ করে মাথার উপর দিয়ে। পুল করে গ্যালারিতে।
দুটো জীবনও পেয়েছেন অবশ্য। ৩৩ রানে সাজিদের বলে তীব্র শট বোলারের হাতেই লেগে গিয়েছিল, ধরার উপায় ছিল না। ৫২ রানে খুররমের বলে কট বিহাইন্ডের আবেদন, আম্পায়ার সাড়া দেননি, পাকিস্তান রিভিউও নেয়নি, পরে রিপ্লেতে দেখা গেল নিলে সফলই হতো। কিন্তু জীবন পেলে তা কাজে লাগাতে হয়। লিটন লাগালেন।
সেঞ্চুরি এলো খুররম শাহজাদকে কাভার দিয়ে পাঞ্চ করে, বল সীমানা ছাড়িয়ে যেতেই ব্যাট উঁচিয়ে ধরলেন। গ্যালারি মাতল করতালিতে। আর ঠিক পরের বলেই, উড়িয়ে দিলেন ফাইন লেগ দিয়ে। যেন সেঞ্চুরি করেই থামার মানুষ নন তিনি।
শেষ পর্যন্ত তাইজুল, তাসকিন ও শরিফুলকে নিয়ে তিনটি জুটিতে যোগ করলেন ১৬২ রান। দুইশোর নিচে গুটিয়ে যাওয়ার দল পেরিয়ে গেল আড়াইশো। থামলেন ১৫৯ বলে ১২৬ রানে, যেখানে ১৬টি চার, ২টি ছক্কা। হাসান আলীর বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বিদায়। সেই একই ওভারে নাহিদ রানাও ফিরলেন। ইনিংস শেষ।
এরপর বাংলাদেশের বোলাররা পাকিস্তানের বিরুদ্ধে ৬ ওভার বল করার সুযোগ পেলেন, কিন্তু সাফল্য আসেনি। বিনা উইকেটে ২১ রান তুলে দিনটা নিজেদের মতো করেই শেষ করে পাকিস্তান।

















