প্রতিবন্ধীদের গণপরিবহনে বিনা ভাড়ায় যাতায়াত নিশ্চিতে কাজ করছে সরকার

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য গণপরিবহনে বিনা ভাড়ায় যাতায়াত এবং দেশের সকল অবকাঠামোতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের লক্ষ্যে ‘শিশু স্বর্গ মডেল’ নামক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, “কোনো প্রতিবন্ধিতা যেন শিশুদের গড়ে ওঠার পথে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই আমাদের এই ‘শিশু স্বর্গ প্রকল্প’। প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে হলে বাস, ট্রেনসহ দেশের প্রতিটি অবকাঠামোতে তাদের প্রবেশ ও সাবলীল চলাচল নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, সারাদেশে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনা হয়েছে। সেবার নামে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় রেস্টুরেন্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নতুন শর্তারোপ করা হয়েছে। জানানো হয়, প্রতিবন্ধীদের ওঠা-নামার জন্য র্যাম্প এবং বিশেষ বাথরুম সুবিধা না থাকলে কোনো রেস্টুরেন্টকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি নতুন ভবনে প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা নিশ্চিত করার কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
অন্যান্য বক্তারা জানান, প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী স্কুল ও সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। উদ্বোধনের আগে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।







