সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, জেদ্দায় যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত বাংলাদেশির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের পরিচয় শনাক্ত এবং বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন কনস্যুলেটের কর্মকর্তারা।
কনস্যুলেট তেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে সহায়তা করবে দূতাবাস।
মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাহত সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা।





