সায়েদাবাদে ডিএমপির বিনামূল্যে পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী বিনামূল্যে পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি ট্রাফিক ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে সায়েদাবাদ বাস টার্মিনালের প্রবেশ মুখে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।
হেলথ ক্যাম্পে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন গণপরিবহনের চালক, সুপারভাইজার, হেলপার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি রাস্তায় নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যদেরও এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি ট্রাফিক) সরাসরি নেতৃত্বে এই পাক্ষিক হেলথ ক্যাম্প পরিচালিত হয়। এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পরিবহন শ্রমিকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ফলে চালকেরা যেসব স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, তা বিবেচনায় নিয়েই নিয়মিত এই পাক্ষিক হেলথ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত পরিবহন শ্রমিক ও সাধারণ চালকেরা।







