চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত পাঁচ শিশু সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।
শুক্রবার দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), একই গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। অন্যজন হলো এই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
স্থানীয় বাসিন্দা তৌহিদ আলম বলেন, জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধার করেন। পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
দেবিনগর ইউনিয়নের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন জমিতে ফসল চাষ করা হয়।















