কৈলাস মানস সরোবর যাত্রায় এক হাজার ভারতীয়কে স্বাগত জানাবে চীন

দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালে পুনরায় শুরু হতে যাচ্ছে পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বছর ভারতীয় তীর্থযাত্রীদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কাংরিনবোকে ফেং এবং মাপাম ইউকো (কৈলাস মানস সরোবর) এলাকায় ভারতীয় বন্ধুদের তীর্থযাত্রা পুনরায় চালু হয়েছে। এ বছর প্রাথমিকভাবে এক হাজার ভারতীয় তীর্থযাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন সরকারের সমন্বয়ে এবারের যাত্রা জুন থেকে আগস্ট মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এ বছর মোট ২০টি দলে তীর্থযাত্রীদের পাঠানো হবে, যেখানে প্রতি দলে থাকবেন ৫০ জন করে সদস্য।
উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে যাত্রা করবে ১০টি দল। সিকিমের নাথু লা পাস দিয়ে গন্তব্যে পৌঁছাবে ১০টি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৈলাস মানস সরোবর যাত্রার (KMY) পুরো প্রক্রিয়া এখন কম্পিউটারভিত্তিক ও ডিজিটাল করা হয়েছে। অনলাইন আবেদন থেকে শুরু করে লটারির মাধ্যমে যাত্রী নির্বাচন—সবই হবে ডিজিটাল পদ্ধতিতে। আগ্রহীদের নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে। তথ্য আদান-প্রদানের জন্য কোনো চিঠি বা ফ্যাক্স পাঠানোর প্রয়োজন নেই।
আবেদনকারীরা চাইলে উভয় পথই নির্বাচন করতে পারবেন অথবা পছন্দের পথটি অগ্রাধিকার দিয়ে আবেদন জমা দিতে পারবেন। ২০২৬ সালের যাত্রার জন্য নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত ভগবান শিবের পবিত্র বাসস্থান হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু হিন্দু নয়, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই স্থানটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়। বৈধ পাসপোর্টধারী যোগ্য ভারতীয় নাগরিকরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই দুর্গম কিন্তু আধ্যাত্মিক যাত্রায় অংশ নিতে পারেন।
বিশ্লেষকদের মতে, এই তীর্থযাত্রা পুনরায় চালুর মাধ্যমে ভারত ও চীনের দুই মহান সভ্যতার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

















