এলপিএলে একই দলে খেলবেন সাকিব-তাসকিন!

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর শুরু হতে এখনো বাকি প্রায় দেড় মাস। তবে এর মধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অলরাউন্ডার সাকিব আল হাসান ও গতি তারকা তাসকিন আহমেদ খেলবেন একই দল—জাফনা কিংসের হয়ে।
গত রাতে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় জাফনা কিংস। এর পরদিনই আজ দলটির পক্ষ থেকে তাসকিন আহমেদকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এলপিএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই তারকা পেসারের লঙ্কান লিগে ফেরার খবর জানিয়ে লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বর্তমানে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ তাসকিন। জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি এর আগেও তিনি এলপিএলে খেলেছেন। সবশেষ ২০২৪ সালের এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছিলেন ৪ উইকেট। লঙ্কান লিগে সেটিই ছিল তাঁর প্রথম ও একমাত্র অংশগ্রহণ।
আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন তাসকিন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক ধবলধোলাই এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ—এ বছর বাংলাদেশের পেস আক্রমণে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ২০২৬ সালে ৫টি ওয়ানডে খেলে ৫.২৮ ইকোনমিতে ৫টি উইকেট নেওয়ার পাশাপাশি সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শিকার করেছেন ৬টি উইকেট।
দীর্ঘ দুই বছর পর আবারও মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের সবশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এই জাফনা কিংস। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া পঞ্চমবারের এই আসরে মোট ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স এবং গল গ্যালান্টস। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৮ মার্চ।

















