চাঁদাবাজির প্রতিবাদ করায় নাটোরে বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি: নাটোরের হয়বতপুর বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় মিজান নামে এক বাস কাউন্টার মাস্টারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ ও হাতের কব্জি কেটে গুরুতর জখম করেছে।
রোববার (২৪ মে) দিবাগত রাতে এ হামলার ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হয়বতপুর বাজার এলাকায় বাস কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন মিজান। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিজানের পায়ের রগ ও হাতের কব্জি কেটে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এসব অন্যায়ের প্রতিবাদ করায় মিজানের ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বাজার এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”








