আমরাও কার্ড এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, স্মার্ট কার্ডের পর এখন আবার খাল কাটা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো নতুন সব প্রকল্প আনা হয়েছে। সরকারের এসব উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সূচনা করেছি, আমরাও কার্ড এনেছি—লাল কার্ড। এসব প্রকল্প যখন ব্যর্থ হবে, আমরা তখন সরকারকে লাল কার্ড দেখাবো।”
বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বর্তমান কৃষি সংকট ও কৃষকদের দুর্দশা নিয়ে আলোচনা করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী কৃষকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে সুনির্দিষ্ট ‘অ্যাকশন প্ল্যান’ দাবি করেন। তিনি বলেন, কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ইউনিয়নভিত্তিক সরকারি গুদামঘর চালু করতে হবে। এটি করা সম্ভব হলে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবে।
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এনসিপির এই নেতা দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ভারতের কাছে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্তে হত্যা বা দেশের স্বার্থসংশ্লিষ্ট বড় বড় ইস্যুগুলো অমীমাংসিত থেকে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ বা শক্ত অবস্থান দেখা যাচ্ছে না। মূলত রাজনৈতিক নতজানু নীতির কারণেই কৃষক ও সাধারণ মানুষ আজ সংকটে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

















