বেইজিং পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প, বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা

চীনের বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের এই সফর।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটন থেকে ‘এয়ারফোর্স ওয়ানে’ চেপে বুধবার চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প।
এয়ারপোর্টে ট্রাম্পকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং এরপর তিনি লাল গালিচা ধরে হেঁটে যান। সেসময় দুপাশে সাদা ইউনিফর্ম পরা ৩০০ চীনা তরুণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে ‘স্বাগতম’ জানায়।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন মার্কিন ধনকুবের স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের নেতার বহুল প্রতীক্ষিত বৈঠকে ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান নিয়ে বিরোধগুলো প্রাধান্য পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ট্রাম্প গত মার্চ থেকে এই সফর পিছিয়েছিলেন। আজ চীনের পথে রওনা হয়ে ট্রুথসোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি একজন অসামান্য ব্যক্তিত্বপূর্ণ নেতা। তাকে অনুরোধ করব যেন তিনি চীনকে ‘উন্মুক্ত’ করে দেন। যেন মেধাবী মানুষগুলো তাদের কাজ দেখাতে পারেন।’
এর আগে, ২০১৭ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে চীন সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এএফপি জানায়, সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও শি জিনপিং বৈঠক করবেন। সন্ধ্যায় ট্রাম্পের সম্মানে সেখানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে তারা একসঙ্গে চা চক্র ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশের উদ্দেশে রওনা দেবেন।

















