১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই আদেশে ওই জেলাগুলোতে বর্তমানে দায়িত্বরত জেলা প্রশাসকদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
প্রশাসনের উচ্চপর্যায়ে এই রদবদলের ফলে রাজশাহী, খুলনা, চাঁদপুর ও নরসিংদীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর নতুন ডিসি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। খুলনায় নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত এবং চাঁদপুরে দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহমেদ জিয়াউর রহমানকে।
এছাড়া নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ এবং হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তালিকায় থাকা অন্যান্য জেলার মধ্যে মাদারীপুরে অর্থ বিভাগের মর্জিনা আক্তার, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, মেহেরপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ বিভাগের রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

















