হাজার লিটার তেল জব্দে পাঁচ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে একটি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুত করা এক হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে এই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পুষ্পল কবিরাজ, যিনি ওই এলাকায় সার ও কীটনাশকের ব্যবসা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুষ্পল কবিরাজের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতর ড্রাম ও ক্যানে মজুত করা প্রায় ৮০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। কৃষি উপকরণের দোকানে এভাবে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “সার ও কীটনাশকের দোকানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দাহ্য তেল মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী পুষ্পল কবিরাজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত তেল আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নেওয়া হয়েছে।”
স্থানীয়দের মতে, জনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে এভাবে তেল মজুত করা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিল। প্রশাসনের এই সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুন্দলী ইউনিয়নের বাসিন্দারা।

















