বরিশাল মেডিকেলে রোগীধরা আট দালাল আটক

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রোগীদের নানাভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগে ৮ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান চালানো হয়।
আটককৃত ৮ জনের মধ্যে ৬ জনই নারী। তারা বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি হিসেবে হাসপাতালে ওত পেতে থাকতেন। গ্রাম থেকে আসা অসহায় রোগীদের সরকারি হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে ভুল বুঝিয়ে এবং দালালি করে তারা বাইরের ক্লিনিকে নিয়ে যেতেন। দীর্ঘদিন ধরে চলা এই অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেন বরিশালের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
আটককৃতদের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ৫ জনকে ৭ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা। ২ জনকে ৪ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা। ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এই চক্রকে নির্মূল করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই এই সফল অভিযান পরিচালিত হলো।

















