সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতাসহ চার জনের সিট বাতিল

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে এক বহিরাগতসহ অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। সাজা ভোগ শেষে বর্তমানে তারা কারামুক্ত।
শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন—আহসানুল ইসলাম চৌধুরী (৩৩ ব্যাচ), মহিবুর রহমান নয়ন (৩৪ ব্যাচ), রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি (৩৪ ব্যাচ) এবং শাহরিয়ার পলক (৩৫ ব্যাচ)। অভিযুক্তদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল রাতে, যখন শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, এই শিক্ষার্থীরা প্রায় ৪০টি সমকামী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রলুব্ধ করতেন। এমনকি আরিয়ান রাব্বির কক্ষ থেকে যৌনচর্চায় ব্যবহৃত সামগ্রী এবং শিক্ষার্থীদের আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে বলেও কলেজ সূত্র জানিয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে আপাতত তাদের ছাত্রত্ব বহাল থাকছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।







