হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৃহস্পতিবার (৭ মে) দিনভর উত্তেজনার পর উভয় দেশই বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেছে। তবে এই ঘটনার সূত্রপাত নিয়ে দুই দেশ একে অপরকে দোষারোপ করছে।
ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের একটি ট্যাংকার ও একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মার্কিন নৌবাহিনী গোলাবর্ষণ করলে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া পারস্য উপসাগরের কেশম দ্বীপ এবং খামির সিরিক বন্দরেও মার্কিন সেনারা বিমান অভিযান চালিয়েছে বলে দাবি করে তেহরান। এর জবাবে ইরান চাবাহার বন্দরের কাছে মার্কিন নৌবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের দাবি, তাদের হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) ইরানের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরানই প্রথম তাদের তিনটি ডেস্ট্রয়ার জাহাজ লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্পিডবোট দিয়ে হামলা চালায়। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের ফলে তাদের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত সোমবারও মার্কিন বাহিনী ইরানের ৬টি স্পিডবোট ধ্বংস করেছিল।
সবশেষ খবরে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি ও উপকূলীয় শহরগুলোতে বর্তমানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। সূত্র: জিও নিউজ।

















