ওয়ানডে স্টাইলে শতক তুললেন শান্ত, তৃতীয় উইকেটে রানের রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে দলের বিপর্যয়ে ক্রিজে আসেন নাজমুল শান্ত। এসেই দুই অন ড্রাইভে বুঝিয়ে দেন বিপদ কাটাতে হাজির হয়েছেন। অনেকটাই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে করেছেন শতক। টেস্টে শান্তর এটি নবম সেঞ্চুরি, এই সংস্করণে তার ছয়টি ফিফটি আছে।
মোহাম্মদ আব্বাসের মিডিয়াম পেস এগিয়ে মিড অন দিয়ে উড়িয়ে ছক্কা মেরে ৯০ পেরিয়ে যান শান্ত। সেই আব্বাসকেই পরের ওভারে কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে তুলেন শতক। ১২৯ বলে ১২ চার, ২ ছক্কায় আশির কাছাকাছি স্ট্রাইকরেটে নবম টেস্ট সেঞ্চুরি পান বাংলাদেশ অধিনায়ক। অবশ্য সেঞ্চুরির পরই থামতে হয়েছে তাকে। আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ফেরত যান তিনি। ১৩০ বলে ১০১ রানে থামেন বাঁহাতি ব্যাটার।
তার আগেই অবশ্য মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটিও হয়ে যায়। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭০ রান।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে আগের সর্বোচ্চ রান ছিল জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুলের। সেই ২০০৩ সালে পেশোয়ারে ১৩০ রান যোগ করেছিলেন তারা। শান্ত-মুমিনুল সেটা ছাড়িয়ে আরও অনেক বড় করে ফেললেন রেকর্ড।
বাংলাদেশের তৃতীয় উইকেট পতনের খানিক পরই শেষ হয়েছে দিনের দ্বিতীয় সেশন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম দুই সেশনে স্বাগতিকরাই এগিয়ে। টস জিতে বাংলদেশকেই ব্যাট করতে পাঠায় পাকিস্তান। চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান।

















