হুতিদের দাবি ভূপাতিত: সৌদি বলছে কারিগরি ত্রুটিতে হেলিকপ্টার বিধ্বস্ত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি নাকচ করেছে সৌদি আরব। রিয়াদ জানিয়েছে, কোনো হামলার কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি-ইয়েমেন সীমান্তবর্তী নাজরান এলাকায় তাদের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
শনিবার রাতে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকার কাছে তারা সৌদির সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তাদের দাবি, হেলিকপ্টারটি হুতিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় এই হামলার শিকার হয়।
হুতিদের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে আখ্যা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার মূলত কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে এবং এতে ২ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
হুতিদের দাবিকে উপহাস করে তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অক্ষত অ্যাপাচি হেলিকপ্টারের ছবি পোস্ট করে লেখেন, ‘আপনারা যেটিকে ভূপাতিত করার দাবি করছেন, সেটি খুব শীঘ্রই আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে। এর চেহারা মনে রাখুন, যেন ভুলে না যান।’
গত জুলাই মাস থেকে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত ও সীমান্ত উত্তেজনা মারাত্মক রূপ নিয়েছে। হুতিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় সৌদির এফ-১৫ এবং টাইফুন ফাইটার জেটগুলো ইয়েমেনের রাজধানী সানা, ইব এবং সা’দাহসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫৩টি বিমান হামলা চালিয়েছে।
পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি প্রতিরক্ষা বাহিনী রিয়াদ এবং দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় আকাশসীমায় হুতিদের পাঠানো ৪টি ড্রোন এবং খামিস মুশাইত শহরের দিকে ধেয়ে আসা ২টি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে ইন্টারসেপ্ট ও আকাশে ধ্বংস করার দাবি করেছে। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনার ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা।













