হরমুজ প্রণালিতে ঢুকলেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে ইরান

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সাহায্য করার ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রণালিতে প্রবেশের চেষ্টাকারী যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালানো হবে। বিশেষ করে ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে’ লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালি বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, এই প্রণালি দিয়ে যেকোনো জাহাজের নিরাপদ যাতায়াত অবশ্যই ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে করতে হবে। এই সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
এর আগে রোববার (৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ নিয়েছে। ট্রাম্প একে একটি ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে। এই অভিযানে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়নে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম সফল করতে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে। এই অভিযানে অংশ নেবে একাধিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধবিমান।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের এমন মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

















