হংকংকে হারিয়ে সরাসরি এশিয়ান গেমসে বাংলাদেশ

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের প্রথম অংশগ্রহণেই রূপকথা লিখল বাংলাদেশ নারী হকি দল। জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় রবিবার (২৬ এপ্রিল) ‘এ’ গ্রুপের অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের শুরুতেই ল কা মুনের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়েও দমে যাননি রিয়া-অর্পিতারা। আক্রমণাত্মক হকি খেলে ম্যাচের ১০ মিনিটেই নাদিরা ইমার গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ৩৯ মিনিটে কনা আক্তার দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের বাকি সময় হংকং সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল ইস্পাতকঠিন। ফলে ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তন্নি খাতুন। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বড় আসরের বাছাইপর্বে অংশ নিয়ে এমন অভাবনীয় সাফল্যে ভাসছে দেশের ক্রীড়াঙ্গন।

















