সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

প্রবীণ সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন করেন। তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া আনিস আলমগীর প্রধানমন্ত্রীর এই আকস্মিক ফোনে বিস্ময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনিস আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমি কারাগারে ছিলাম শুনে তিনি খোঁজ নিয়েছেন। আমি তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছি।”
কথোপকথনের সময় আনিস আলমগীর বিশেষভাবে উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে কোনো মন্তব্য না করে যে ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রেখেছেন, তা প্রশংসনীয়। এছাড়া ঈদের নামাজে প্রধানমন্ত্রীর প্রদর্শিত সৌহার্দ্য ও সম্প্রীতিরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য যে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে নিয়ে যায়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
দীর্ঘ তিন মাস কারাভোগের পর গত শনিবার (১৪ মার্চ) তিনি জামিনে মুক্তি পান। এর আগে এদিন সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই সাংবাদিক।

















