সংসদীয় পদ খোয়ানো স্বামীর হয়ে ব্যাট ধরলেন পরিণীতি চোপড়া

আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সহকারী দলনেতা (ডেপুটি লিডার) পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চড্ঢাকে। আচমকা এই অপসারণের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে এই কঠিন সময়ে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নীরবতা ভেঙে সমাজমাধ্যমে সরব হয়ে তিনি জানিয়েছেন, রাঘব কেবল একজন দক্ষ সংসদ সদস্যই নন, বরং একজন দায়িত্বশীল মানুষও বটে।
পদ হারানোর পর রাঘব চড্ঢা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দলীয় প্রধান অরবিন্দ কেজরীওয়ালের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, কেন তাকে নীরব করার চেষ্টা করা হচ্ছে। রাঘবের স্পষ্ট কথা, তিনি সবসময় জনগণের সমস্যার কথা তুলে ধরেছেন, তাহলে কেন এই সিদ্ধান্ত? এই ভিডিওর পরপরই পরিণীতি স্বামীর সমর্থনে এগিয়ে আসেন।
রাঘবের সংসদীয় বক্তৃতার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “আমার প্রিয় স্বামী, তুমি আজ শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, বরং সেই বাবা হিসেবে কথা বলেছ, যাকে আমি প্রতিদিন দেখি।”
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভায় পিতৃত্বকালীন ছুটি নিয়ে জোরালো সওয়াল করেছিলেন রাঘব চড্ঢা। পরিণীতি সেই প্রসঙ্গ টেনে বলেন, সন্তানের জন্য বাবা-মা উভয়ের উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে তারা ব্যক্তিগত জীবনেও আলোচনা করেন। রাঘবের এই সংসদীয় অবস্থান ছিল কেবল একটি নীতিগত লড়াই নয়, বরং তার পিতৃত্বের প্রতি দায়বদ্ধতা।
পরিণীতি আরও জানান, অতীতেও রাঘব অসংখ্য জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে সরব হয়েছেন। স্বামীর রাজনৈতিক লড়াই ও সততার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, পদ হারালেও রাঘবের আদর্শিক লড়াইয়ে তিনি সবসময় পাশে আছেন।

















