রিকশাচালককে মারধরের জেরে উত্তরায় শপিং মল ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাত ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ শপিং মলের সামনে এই ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভবনের সামনের সড়ক অবরোধ করলে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে শপিং মলের নিরাপত্তা প্রহরীদের হাতে এক রিকশাচালক গুরুতর আহত হন। এরপর আহত চালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত চালকরা শপিং মলে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভবনের সামনে রাখা বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত জনতা উত্তরা পশ্চিম থানায় গিয়েও হামলা চালায়। এ সময় তারা থানার সামনে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৬ মার্চ) সকালেও উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান চালকরা, যার ফলে বিমানবন্দর ও টঙ্গীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

















